blog-img
ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তাকে ক্লোজড
12 hours ago
3.6 K Views
0 comments
নওগাঁ-৫ সদর (আসনে) ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরপর দুপুর দেড়টার দিকে এই অভিযোগে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনেকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন। অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিজাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনো সময় সংকট দেখা দিতে পারে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করে রেখেছি। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে আমার জানা নেই। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদিন জানান, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।

Comments 0

Your Comment