আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দিল্লি দ্বিতীয়
5 hours ago
3.1 K
Views
0
like
share
জলবায়ু পরিবর্তন ও নানা উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও পড়েছে বায়ুদূষণের কবলে। সাধারণত এই মে মাসে রাজধানীর বায়ুদূষণ কম থাকে। কিন্তু এখন দূষণ বরং বাড়ছে।
সোমবার সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপরের অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। যার বায়ুমান স্কোর ১৫৬। আর ৪র্থ অবস্থানে রয়েছে চীনের চেংডু শহর। যার বায়ুমান স্কোর ১৩৭।
পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এর বায়ুমান স্কোর ১৩০।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।