আজ পয়লা বৈশাখ
13 hours ago
4.3 K
Views
0
like
share
আজ পয়লা বৈশাখ। বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিন। বাংলা পঞ্জিকায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। নববর্ষের নব আনন্দে আজ আবহমান বাংলার অসাম্প্রদায়িক এই চিরায়ত উৎসবে মেতে উঠবে ধর্মবর্ণনির্বিশেষে গোটা জাতি। অন্তর্বর্তী সরকারের সময়ে উগ্র কট্টরপন্থি মব, মৌলবাদীদের হামলার ভীতি, বিভিন্ন বাধা, প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় মুক্ত পরিবেশে এবারের বাংলা নববর্ষে আনন্দ-উল্লাসের সঙ্গে জাতি মেতে উঠবে বৈশাখী উন্মাদনায়। মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের এবারের বৈশাখে মুক্ত বিহঙ্গের মতো শিকড়ের পথে নতুন করে ধাবিত হবে রাজধানীসহ সারা দেশ। নতুন বাংলাদেশে আবহমান বাংলার রূপ-সৌন্দর্য ধারণ করে মুক্ত পরিবেশে উদ্যাপিত হতে যাওয়া এবার বৈশাখ রং ছড়াবে ভিন্নমাত্রায়। রূপসী বাংলার মেঠো পথে কিশোর-কিশোরীর দুরন্তপনায় ছুটে চলা, হালখাতার হিসাব মেটানোর পাশাপাশি বৈশাখী মেলায় লোকজ সংস্কৃতির উৎসবের রং ছড়ানোর পাশাপাশি পান্তা-ইলিশ, মুড়িমুড়কি, খই-বাতাসা, পিঠা-পায়েস দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে সারা দেশে চিত্রিত হবে বৈশাখী আমেজ। শোভাযাত্রা, নাচগান, জারিসারি, ভাটিয়ালি, পটের গান, পুথিপাঠ, লাঠিখেলা, পুতুলনাচ, লোকজ মেলার মধ্য দিয়ে আজ সারা দেশে উদ্যাপিত হবে পয়লা বৈশাখ।