৩৫ ভাষায় প্রচার হবে হজের খুতবা
10 hours ago
2.5 K
Views
0
like
share
চলতি হজ মৌসুমে আরাফার ময়দানে পঠিতব্য খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করে তা প্রচার করা হবে। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ এই তথ্য জানিয়েছে। অনূদিত খুতবা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে। পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান সুদাইস বলেন, এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে মুসলমানদের কাছে আরাফার খুতবার বিষয়বস্তু পৌঁছে দেওয়া এবং ইসলামের মধ্যপন্থা ও ভারসাম্যের বার্তা তুলে ধরা। এই অনুবাদ উদ্যোগ ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন এবং হাজিদের প্রতি দেশটির নেতৃত্বের আন্তরিকতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হজ মৌসুমের বৈশ্বিক প্রভাব আরো বিস্তৃত করতে এই উদ্যোগ সহায়তা করবে। আরাফার খুতবা অনুবাদ প্রকল্প পরিচালনা পর্ষদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। বহু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এটি গড়ে উঠেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় ধর্মীয় উপাদান সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। শায়খ সুদাইস আরো উল্লেখ করেন, এই উদ্যোগের ফলে আরবি ভাষায় দক্ষ নন এমন মুসলমানরাও খুতবার আধ্যাত্মিক ও মানবিক বার্তা থেকে উপকৃত হতে পারবেন। খুতবাটি সর্বোচ্চ পেশাদারি ও উন্নত মান বজায় রেখে বিশ্বব্যাপী সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দিতে পরিচালনা পর্ষদ তাদের প্রযুক্তিগত ও গণমাধ্যম সক্ষমতা এবং বিশেষজ্ঞ দলগুলোকে সক্রিয় করেছে। প্রসঙ্গত, এই বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি। আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন।