হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, লাগবে ফিটনেস সনদ
12 hours ago
3.9 K
Views
0
like
share
বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন শুরু করতে হবে। সৌদি নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজে যেতে চাওয়া সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী এবার হজে যেতে পারবেন না। মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়।