blog-img
২০ শতাংশ অনেক বেশি, আমরা ন্যায্যটা নেব : ট্রাম্পের হরমুজ ফি নিয়ে ইরান
17 hours ago
2.4 K Views
0 comments
হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর ২০ শতাংশ ফি বা মাশুল বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই চিরকাল এই গুরুত্বপূর্ণ জলপথের আসল পাহারাদার। সামাজিক মাধ্যম এক্সে আব্বাস আরাগচি লেখেন, ট্রাম্পের কথা ঠিক যে পাহারাদারকে পারিশ্রমিক দেওয়া উচিত। তবে ২০ শতাংশ ফি অনেক বেশি। ইরান ন্যায্য ফি নেবে। এর আগে ট্রাম্প এক পোস্টে লেখেন, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির পাহারাদার। নিরাপত্তার জন্য সব জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ ফি নেওয়া হবে। পাশাপাশি, ১৪ জুলাই থেকে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরে যাওয়া-আসা করা সব জাহাজকে তারা আটকে দেবে। একটি সাময়িক চুক্তির কারণে আগের অবরোধ তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এখন দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা চলছে। ইরান বলছে, চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক নিয়মে এই পথ সবার জন্য উন্মুক্ত। তবে ট্রাম্প জানিয়েছেন, ওই চুক্তির মেয়াদ এখন শেষ। বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল এই হরমুজ প্রণালি দিয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আলি খামেনি নিহত হন। এরপর থেকেই এই জলপথ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে।

Comments 0

Your Comment