সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আলিমি বলেন, এই অপরাধমূলক হামলা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী চরিত্র এবং বেসামরিক মানুষের জীবন ও ইয়েমেনের জনগণের স্বার্থের প্রতি তাদের অবহেলার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ইয়েমেনের অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশটির নাগরিকদের দুর্ভোগ কমাতে সৌদি আরব যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তখন এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।
আল-আলিমি বলেন, সৌদি আরবের ওপর আগ্রাসন মানে ইয়েমেনের নিরাপত্তা, স্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও আগ্রাসন।
তিনি জানান, হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবিলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে ইয়েমেনের সরকারি সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযান অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ত্যাগ স্বীকারেও তারা পিছপা হবে না বলে উল্লেখ করেন তিনি।