মধুচন্দ্রিমায় এসে স্বামীকে হত্যা: ১০ মাস পর জামিনে মুক্ত সেই গৃহবধূ
1 hour ago
3.2 K
Views
0
like
share
ভারতের মেঘালয়ের পূর্ব খাসি হিলসে মধুচন্দ্রিমায় এসে স্বামী রাজা রঘুুবংশীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোনম রঘুুবংশীকে জামিন দিয়েছেন শিলংয়ের একটি আদালত। টানা তিনবার জামিন আবেদন নাকচ হওয়ার পর চতুর্থ দফায় এই আদেশ এলো। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে ১০ মাস কারাভোগের পর গত সোমবার সন্ধ্যায় শিলং জেল থেকে মুক্তি পান সোনম। ২০২৫ সালের মে মাসে ইন্দোর থেকে মেঘালয়ে ঘুরতে এসে নিখোঁজ হয়েছিলেন এই দম্পতি। পরবর্তীতে ২ জুন সোহরার একটি গভীর গিরিখাত থেকে রাজার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটি কোনো দুর্ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। উত্তরপ্রদেশ থেকে সোনমকে আটকের পর পুলিশের কাছে তিনি স্বীকার করেন যে, তার প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিন সহযোগীর সহায়তায় তিনি এই খুনের ষড়যন্ত্র করেছিলেন। প্রেমিক রাজসহ বাকি চার অভিযুক্ত বর্তমানে কারাগারে থাকলেও কেবলমাত্র সোনমই জামিনের আবেদন করেছিলেন। আদালতে সোনমের আইনজীবীরা যুক্তি দেখান, মামলার তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং ৭৯০ পৃষ্ঠার একটি বিশাল চার্জশিটও দাখিল করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত নারী তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখবেন। দীর্ঘ ১০ মাস হাজতবাস এবং চার্জশিট দাখিল হয়ে যাওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোনমের জামিন নিতে তার বাবা ও ভাই ইন্দোর থেকে শিলংয়ে এসে জামিনের বন্ড দাখিল করেন। ভারতজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন সোহরার স্থানীয় আদালতে চলমান রয়েছে।