blog-img
‘বইয়ে ডক্টর স্ট্রেঞ্জ, বাস্তবে শোলের ঠাকুর’, জাতিসংঘকে ইরানের ব্যঙ্গ
1 hour ago
3.7 K Views
0 comments

বিশ্বের বিভিন্ন সংঘাত ও যুদ্ধ ঠেকাতে জাতিসংঘের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটিকে ব্যঙ্গ করেছে ইরান। মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম প্রকাশ করে।


মিমটিতে মার্ভেলের জনপ্রিয় চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ ও বলিউডের কালজয়ী সিনেমা ‘শোলে’র ঠাকুর বলদেব সিংয়ের ছবি ব্যবহার করা হয়েছে। ডক্টর স্ট্রেঞ্জের ছবির সঙ্গে লেখা হয়েছে ‘বইয়ে জাতিসংঘ’, আর দুই হাত হারানো ঠাকুরের ছবির নিচে লেখা হয়েছে ‘বাস্তবে জাতিসংঘ’।


‘শোলে’ সিনেমায় খলনায়ক গব্বর সিংয়ের হামলায় ঠাকুরের দুই হাত কেটে যায়। এই দৃশ্যের মাধ্যমে ইরানি দূতাবাস বোঝাতে চেয়েছে, পাঠ্যবইয়ে জাতিসংঘকে বিশ্বসংকট মোকাবিলায় শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখানো হলেও বাস্তবে বড় ধরনের যুদ্ধ বা সংঘাত ঠেকাতে সংস্থাটির কার্যকর ক্ষমতা সীমিত।


এর কয়েক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ ওঠার পরও জাতিসংঘ ‘উদাসীন’ অবস্থান নিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সফরের শেষ দিনে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকেও তিনি জাতিসংঘের ভূমিকা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।


আরাঘচি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের ঘটনায় সংস্থা ও এর সদস্যরাষ্ট্রগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।


এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে জাতিসংঘের কার্যকারিতা ও আন্তর্জাতিক সংঘাত সমাধানে সংস্থাটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Comments 0

Your Comment