blog-img
নেপালে তুষারধসে নিহত বেড়ে ১৫
19 hours ago
4.8 K Views
0 comments

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর থেকে চাপা পড়া লাশ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।


শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং।


তিনি জানান, গত রবিবার ভোরে চীন সীমান্তের কাছাকাছি ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৩৫ ফুট) উচ্চতার হিমলুং শিখরের বেস ক্যাম্পে তুষারধস নামে। ওই সময় পরবর্তী অভিযানের প্রস্তুতি হিসেবে ক্যাম্পে তাঁবু স্থাপন ও রশি লাগানোর কাজ করছিলেন নেপালি কর্মীরা।


উদ্ধার হওয়া মরদেহগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তুল সিং গুরুং। তুষারের নিচে এখনও একজন কর্মী নিখোঁজ রয়েছেন। তবে তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে মনে করছে উদ্ধারকারী দল। এ পরিস্থিতিতে উদ্ধার অভিযানও ধীরে ধীরে শেষ করার প্রস্তুতি চলছে।


তুষারধসের সময় বেস ক্যাম্পে কোনো বিদেশি পর্বতারোহী পৌঁছাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


উদ্ধার অভিযানে অভিজ্ঞ গাইডসহ ১১ সদস্যের একটি দল অংশ নেয়। তারা চার মিটারের বেশি গভীর তুষার সরিয়ে ক্যাম্পের তাঁবুগুলোতে আটকে থাকা ব্যক্তিদের সন্ধান চালান। এর আগে রবিবার দুইজন পর্বতারোহী গাইড, সোমবার দুইজন রান্নাঘরের কর্মী এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।


Comments 0

Your Comment