blog-img
জাতিসংঘ অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র না ছাড়ায় দুই ইরানি কর্মকর্তা বহিষ্কার
15 hours ago
2 K Views
0 comments

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করায় ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে বহিষ্কার করেছে মার্কিন প্রশাসন। দেশ ছাড়ার নির্দেশ অমান্য করায় তাঁদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার অনেক পরও ইরানের প্রতিনিধিদলের দুই সদস্য নিউইয়র্কে অবস্থান করছিলেন। তাঁদের খুঁজে পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।


ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের অবস্থান বোঝাতে তিনি বলেন, রুবিও এ বিষয়ে কঠোর।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তাঁর প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল। শুক্রবার ইরানের জাতিসংঘ মিশনের কাছ থেকে প্রতিনিধিদলের সদস্যদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর মার্কিন কর্মকর্তারা জানতে পারেন, দুই সদস্য তখনো নিউইয়র্কে রয়েছেন।


অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ওই দুই সদস্যের একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ছেড়ে যান।


সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে।


অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সরাসরি আলোচনার কোনো নতুন সূচি নেই।

Comments 0

Your Comment