বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলে চরম কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু রয়েছে।
দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যগুলোর অন্তত ৭৫ শতাংশ ফ্লাইট ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে।
রবিবারের ফ্লাইট সূচি পর্যালোচনায় দেখা যায়, ১৯টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে অন্তত ১১টিতে ইরানি বিমান সংস্থাগুলোর অন্তত ২৪টি আসা-যাওয়ার (ইনবাউন্ড ও আউটবাউন্ড) ফ্লাইট পরিচালিত হয়েছে।
বর্তমানে চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান, তিউনিসিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও ম্যাকাওয়ের সঙ্গে ইরানের আকাশপথের ফ্লাইট যোগাযোগ স্বাভাবিক ও চালু রয়েছে। তবে বেশ কিছু প্রতিবেশী ও আঞ্চলিক দেশ ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্জিয়া, আজারবাইজান এবং ওমানের বিমানবন্দরগুলো ইরানি সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।