জামিনে বেরিয়েই ধর্ষণ মামলার অভিযোগকারী কিশোরী ও নিজের স্ত্রীসহ ৬ জনকে হত্যা
11 hours ago
4.7 K
Views
0
like
share
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেডি জেলায় ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী, দুই সন্তান, অভিযোগকারী এক কিশোরী, তার মা ও নানিকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রাজকুমার পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী রাজকুমার প্রথমে শাবাদ এলাকায় নিজের বাড়িতে গিয়ে স্ত্রী পার্বতী সারিতা এবং চার বছর ও ১৮ মাস বয়সী দুই ছেলেকে হত্যা করেন। পরে সেখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের একটি গ্রামে গিয়ে ১৭ বছর বয়সী কিশোরী, তার মা ও নানিকে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজের বাবাকে ফোন করে ঘটনার কথা জানান এবং পালিয়ে যান। ফিউচার সিটির পুলিশ কমিশনার তরুণ জোশি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ দল গঠন করা হয়েছে এবং পুলিশ গুরুত্বপূর্ণ কিছু সূত্র পেয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত কিশোরী গত ১৬ মে রাজকুমারের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলায় গ্রেপ্তারের পর কিছুদিন কারাগারে থাকার পর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে তিনি জামিনে মুক্তি পান।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ২০১৮ সালে রাজকুমার ও পার্বতীর প্রেমের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান ছিল। প্রথম কন্যাসন্তানটি জন্মের কিছুদিন পর মারা যায়। স্বজনদের দাবি, ঘটনার আগে দম্পতির মধ্যে বড় ধরনের কোনো পারিবারিক বিরোধের খবর জানা যায়নি।